Breaking Newsআইপিএলক্রিকেট

অতি সহজেই পঞ্জাবকে হারিয়ে আইপিএল ফাইনালে বিরাট বাহিনী

দেখতে দেখতে নয় বছরের অপেক্ষার অবসান। ২০১৬ সালের পর আবার আইপিএল ফাইনালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এইবার আইপিএল জয়ের অন্যতম দাবিদার বিরাটের দল। অতীতে বার বার ট্রফি জয়ের দোরগোড়ায় গিয়েও, নিরাশ হয়ে ফিরতে হয়েছে আরসিবিকে। এই নিয়ে চারবার আইপিএল ফাইনালে পৌঁছাল আরসিবি। ২০০৯,২০১১, ২০১৬ এর আগে তিনবার আইপিএল ফাইনালে উঠেছিল, কিন্তু ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি। পাশাপাশি আইপিএলের প্লে-অফে উঠেছে তারা ১০ বার। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এই বছর প্রথমবার ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে কোহলিদের জন্য। ৩ জুন আইপিএলের ফাইনালে আমেদাবাদে খেলতে নামবে আরসিবি। প্রতিপক্ষ কারা হয় এখন সেটাই দেখার।

বৃহস্পতিবার মাত্র ১০ ওভার ব্যাট করেই ম্যাচ জয় আরসিবির। অতি সহজেই একতরফা ম্যাচে ৮ উইকেটে পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল ফাইনালে জায়গা করে নেয় বিরাটের দল। এদিন মাত্র ১০২ রানের টার্গেট নিয়ে লো-স্কোরিং ম্যাচে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তোলেন ফিল সল্ট। বিরাট কোহলি শুরুটা ভালো করলেও ১২ রানে আউট হয়ে যান। এরপর প্রথমে মায়াঙ্ক আগরওয়াল এবং শেষে অধিনায়ক রজত পাতিদারকে সঙ্গে নিয়ে একাই ম্যাচ জিতিয়ে দেন সল্ট। ২৭ বলে ৫৬ রানের বিধ্বংসী সাইক্লোন ব্যাটিং ফিল সল্টের। অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। মাত্র ২৪ ওভারেই খেলা শেষ হয়ে যায় আইপিএল প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার।

এদিন আইপিএল প্লে-অফের কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আরসিবি। আর ম্যাচের শুরু থেকেই বল হাতে আগুন ঝরাতে থাকেন আরসিবির ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়ালরা। তাসের ঘরের মতো দ্রুত গতিতে ভেঙে পড়ে পঞ্জাবের ব্যাটিংলাইন। প্রতি ওভারে একটা করে উইকেট হারাতে তাকে পঞ্জাব। একটাও উপযুক্ত পার্টনারশিপ গড়ে তুলতে পারলেন না শ্রেয়স আইয়াররা। দলের ১১ জন ব্যাটসম্যান এর মধ্যে দুই অঙ্কের স্কোরে পৌঁছান মাত্র তিনজন। প্রভসিমরণ সিং ১৮,মার্কাস স্টইনিস ২৬ ও আজমাতুল্লাহ ওমরজাই ১৮। অন্যরা সকলেই ৯ রানের মধ্যেই আটকে যান। এদিন দুর্দান্ত বোলিং উপহার দিলেন প্রাক্তন নাইট স্পিনার সূয়েশ শর্মা। সূয়েশ ও হ্যাজলউড ৩ টি করে উইকেট নেন। ২ উইকেট নেন যশ দয়াল। মাত্র ১৪ ওভার ১ বলে, ১০১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব কিংস। আর জবাবে সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে পঞ্জাবের ঘরের মাঠে দ্রুত গতিতে ম্যাচ জিতে যায় বিরাট বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button