অবিশ্বাস্য প্রাণ.রক্ষা এক বিমানযাত্রীর

আমদাবাদে বিমান দুর্ঘটনায় রক্ষা পেলেন এক যাত্রী। বিশ্বাস কুমার রমেশ। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত এআই১৭১ বিমানের একমাত্র যাত্রী, যিনি বেঁচে রয়েছেন। একদিকে বিমান ভেঙে পড়তেই জ্বলে-পুড়ে খাক হয়ে গিয়েছেন পাইলট, ক্রু সহ ২৪১ জন যাত্রী, অন্যদিকে মুখ ও হাত-পা সামান্য ছড়ে যাওয়া ছাড়া রমেশের বিশেষ কোনও ক্ষতি হয়নি। নিজে পায়ে হেঁটেই উঠেছেন অ্যাম্বুল্যান্সে।
হাসপাতালের বিছানা থেকে শুয়ে দুর্ঘটনার পরের মুহূর্ত বর্ণনা করে তিনি বলেন, “আমার চারপাশে শুধু মৃতদেহ ছিল। বিমান টুকরো টুকরো হয়ে আমার চারিদিকে পড়েছিল। হঠাৎ কেউ একজন আমায় টেনে তুলল আর অ্যাম্বুল্যান্সে নিয়ে গেল।”

এই মুহূর্তে আসরওয়া সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন রমেশ। ৪০ বছর বয়সি রমেশ নিজেই বেঁচে ফেরার কথা জানান। তিনি বলেন, “উড়ানের ৩০ সেকেন্ড পর তীব্র শব্দ শুনতে পেলাম। এর পরই আছড়ে পড়ে বিমানটি।” হাসপাতাল সূত্রের খবর রমেশের বুকে, চোখে এবং পায়ে আঘাত লেগেছে।
রমেশ ব্রিটেনেরই বাসিন্দা। কয়েক দিনের জন্য ভারতে পরিবারের কাছে ফিরেছিলেন। ৪৫ বছর বয়সি দাদা, অজয়কুমার রমেশের সঙ্গে ব্রিটেন ফিরে যাচ্ছিলেন। ২০ বছর ধরে লন্ডনে রয়েছেন রমেশ। তাঁর স্ত্রী ও সন্তানও সেখানকারই বাসিন্দা। তাঁর কাছ থেকে বোর্ডিং পাসটিও উদ্ধার হয়েছে। ফোনটিও অক্ষত রয়েছে বলে খবর।





