অমিত মালব্যকে শোকজ নোটিস দিল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন

কিছুদিন আগে ক্যানিংয়ে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। বারুইপুর পুলিশ জানিয়েছে, নাবালিকা বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টে কোনও যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তবে, বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে এই ঘটনাটি শেয়ার করে দাবি করেন, “ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। বাংলায় মেয়েরা নিরাপদ নয়।” এই পোস্টের সঙ্গে তিনি নাবালিকার একটি ব্লার করা ছবি শেয়ার করেন, যা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপরেই বিজেপি নেতা অমিত মালব্যকে শোকজ নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন।

মৃ.ত নাবালিকার পরিচয় প্রকাশ করে বিজেপি এই নেতা জুভেনাইল জাস্টিসের ৭৪ ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। এই নিয়ে কমিশনের তরফে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, “উনি লিখেছেন যৌন হেনস্থা করা হয়েছে। সেটা নিয়ে আমরা কিছু বলছি না। আমরা পুলিশের রিপোর্ট চেয়েছি। উনি মেয়েটির ছবি দিয়েছেন। তা ব্লার করার চেষ্টা করেছেন। কিন্তু, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেজন্যই আমরা শোকজ নোটিস পাঠিয়েছিল।”





