
তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আগামী সপ্তাহেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর প্রথা মেনে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেলমন্ত্রক সূত্রে খবর, অতীত ঘটনার জেরে বিতর্ক এড়াতে ২২ আগস্টের অনুষ্ঠানের জন্য আগেভাগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমন্ত্রণপত্রে রয়েছে চমক। পশ্চিমবঙ্গে কী কী রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেলমন্ত্রক, তার হিসাব দিয়ে দিয়েছেন বৈষ্ণব। সেই হিসাবের সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণপত্র।
চিঠিতে লেখা হয়েছে, ‘ভারত সরকার পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা ও অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে বর্তমানে ৮৩ হাজার ৭৬৫ কোটি টাকা মূল্যের কাজ চলছে এবং চলতি বাজেটে পশ্চিমবঙ্গ ১৩ হাজার ৯৫৫ কোটি টাকার রেকর্ড বরাদ্দ পেয়েছে। রাজ্যের ১০১টি স্টেশনকে বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসেবে নতুন করে গড়ে তোলা হচ্ছে।’ পশ্চিমবঙ্গে মেড-ইন-ইন্ডিয়া ৯টি বন্দে ভারত ট্রেন এবং ২টি অমৃত ভারত ট্রেন চালু আছে বলেও উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
প্রসঙ্গত, আগামী ২২ তারিখ প্রধানমন্ত্রী শিয়ালদহ-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায়, নোয়াপাড়া-জয় হিন্দ (এয়ারপোর্ট), হাওড়া মেট্রো সাবওয়ে মেট্রো রুটের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনও জানা যায়নি।





