
পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ৭ অগস্ট ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ওবিসি জটের কারণে কারনে আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। বৃহস্পতিবার শুনানির সময় প্রাথমিকভাবে মৌখিক পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না। সেই মামলার চূড়ান্ত রায়ে ১৫ দিনের ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ জানান, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায় নিয়ে হবে নতুন প্যানেল। ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। এদিন স্পষ্ট জানান হয়েছে, এই নির্দেশ মেনে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে দিয়ে। আর আদালতের এই রায় রাজ্যের মুখ্যসচিবকে অবগত করতে হবে।
প্রসঙ্গত, চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিনমাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ আর অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৭ আগস্ট প্রকাশিত হবে।
বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । বিচারপতির নির্দেশ অনুযায়ী বোর্ড কিছু তথ্য জমা দিয়েছিল হাইকোর্টে। তবে তা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। ফলে তবে বৃহস্পতিবার সকালে বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ স্থগিত করে দেন। ওবিসি এ ও বি অনুযায়ী মেধাতালিকা তৈরি করেছে রাজ্য, যা প্রকাশ করা যাবে না বলেই জানান বিচারপতি।





