মহানগররাজ্য

আধুনিকতার পথে কলকাতা, গড়ালো মেট্রোর চাকা কিন্তু এখনো ছাদহীন বউবাজারবাসী!

শুক্রবার এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু একই দিনে বউবাজারের দুর্গা পিতুরি লেনে রাস্তায় বসে ধরনায় সামিল হলেন গৃহহীন পরিবারগুলি। ২০১৯ সালের মেট্রো বিপর্যয়ে ঘর হারানোর ছয় বছর কেটে গেলেও এখনও স্থায়ী ঠিকানা পাননি তাঁরা।

বাসিন্দাদের অভিযোগ, বারবার ভাড়া বাড়ি বদল করতে হচ্ছে, গ্যাস সংযোগ মিলছে না, বাচ্চাদের পড়াশোনাতেও সমস্যা তৈরি হচ্ছে। তাঁদের দাবি, শুধু ঘর তৈরি করলেই চলবে না, অন্তত দশ বছরের দায়ভার নিতে হবে কেএমআরসিএলকে। এদিন বিকেলে নতুন মেট্রো চালু হওয়ার সময় থালা বাজিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

ধরনামঞ্চে হাজির হয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, সোমবার বৈঠক হবে ক্ষতিগ্রস্ত বাসিন্দা, কাউন্সিলর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে। সেখানে কেএমআরসিএলকেও ডাকা হবে এবং তাদের নতুন বাড়ির অন্তত দশ বছরের দায়িত্ব নিতে বলা হবে। পুরসভার মাসিক সভায় স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে প্রস্তাব দেন নজরদারি কমিটি গঠনের।

পুরসভা সেই প্রস্তাব মেনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কিন্তু বাসিন্দাদের আক্ষেপ, উন্নয়নের নামে তাঁদের মাথার ছাদ কেড়ে নেওয়া হয়েছে। ছয় বছর পেরোলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর মুখেও শোনা গেল না তাঁদের দুঃখ-কষ্টের কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button