Breaking Newsআবহাওয়া

আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ! টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে খবর , উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার প্রভাবেই ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার রথযাত্রার দিন প্রায় কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের ছায়া । বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দিনের আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৯২ শতাংশ। পাশাপাশি আগামি দুদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

অপরদিকে উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ৷ দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে ৷ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে ধ্বস নামার আশঙ্কাও বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button