বাড়ল বিপ.দ, এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি এইমসের পথে প্রাক্তন বিচারপতি

গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন তিনি। ক্রমশ জটিল হচ্ছে তাঁর অবস্থা। সেই কারণে এবার এয়ারলিফট করে দিল্লি এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শমতো বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপি সাংসদ। সঙ্গে আছে মেডিক্যাল টিম। হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাম্বুল্যান্সেও থাকছে মেডিক্যাল টিম।

হাসপাতাল সূত্রে খবর, বিরল নেক্রোটাইজ়িং প্যানক্রিয়াটাইটিসের শিকার অভিজিৎ। চিকিৎসকরা বলছেন, এতে প্যানক্রিয়াসের কোষ দ্রুত মরে যেতে থাকে। এক কথায়, নষ্ট হয়ে যেতে থাকে প্যানক্রিয়াস। অভিজিতের প্রায় ৮০% প্যানক্রিয়াস নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের অসুখে দ্বিতীয় সপ্তাহ থেকে আসল জটিলতা দেখা দিতে শুরু করে। যার মধ্যে অন্যতম পেটের মধ্যে প্রবল রক্তক্ষরণ। সেটা যাতে না হয়, ঝুঁকি না নিয়ে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৪ জুন, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয় তাঁর। বাড়িতে বেশ কয়েকবার বমিও করেছিলেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সঙ্গে সঙ্গে তাঁর একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে আইসিউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার তাঁর অবস্থার আরও অবনতি হয়।





