পাটনার গ্যাংস্টার খুনে বাংলাযোগ! নিউটাউন থেকে গ্রেফতার ৬

পটনার হাসপাতালের আইসিইউয়ে ঢুকে গুলি চালানোর ঘটনায় বাংলাযোগ। কলকাতা থেকে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতি! শনিবার নিউ টাউনের একটি আবাসন থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের তরফে এখনও গ্রেফতারির বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার, পাটনার নামী প্যারাস হাসপাতালে ঢুকে একদল ব্যক্তি আইসিইউ-তে গুলি চালিয়ে খুন করে চন্দন মিশ্র নামে এক গ্যাংস্টারকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচজনের একটি দল চুপচাপ হাসপাতালের করিডরে ঢুকছে। সামনে তৌসিফ, হাতে বন্দুক। বাকিরা গুলি চালিয়ে পালিয়ে গেলেও, তৌসিফ বেরিয়ে যায় একইভাবে, অনায়াসে, যেন কিছুই হয়নি। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়।
এরপর তদন্ত চালিয়ে নিউ টাউনে একটি আবাসন থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। শনিবার ভোরে আচমকা নিউ টাউনের আবাসনে হানা দেয় বিহার পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ। আবাসনে চলে তল্লাশি। সেখান থেকে মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃত পাঁচ জনের মধ্যে চার জনই খুনের সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ। মূল অভিযুক্ত তৌসিফ রাজা আগেই পটনা থেকে ধরা পড়েছেন। পটনা-কাণ্ডে মোট ছ’জনকে গ্রেফতার করা হল। এই অভিযানে বিহার পুলিশের এসটিএফ- এর সঙ্গে রয়েছে বেঙ্গল পুলিশের এসটিএফও।
পিটিআইকে পুলিশের এক আধিকারিক বলেন, “পটনার ঘটনার পরে অভিযুক্তেরা সেখান থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিলেন। তাঁরা প্রত্যেকেই নিউ টাউনের এক আবাসনে লুকিয়ে ছিলেন। ধৃতদের মধ্যে চার জন খুনের সঙ্গে সরাসরি যুক্ত। অপর জন অপরাধের সঙ্গে সরাসরি জড়িত, নাকি বাকিদের লুকোতে সাহায্য করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশের ওই আধিকারিক এ-ও জানিয়েছেন, অভিযুক্তদের মোবাইলের লোকেশন থেকেই তাঁদের সন্ধান মিলেছে। বিহার পুলিশ অভিযুক্তদের আদালতে পেশ করে ট্রানজ়িট রিমান্ডের জন্য আবেদন জানাবে।





