দেশ

ইজরায়েলের র‍্যাম্পেজ মিসাইল কিনছে ভারত!

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ও বায়ুসেনা ঘাঁটিতে সফল হামলা চালিয়েছিল ইজরায়েলের তৈরি র‍্যাম্পেজ মিসাইল। সেই অভিজ্ঞতার পর এবার বিপুল সংখ্যায় এই মিসাইল কিনতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। আকাশ থেকে মাটিতে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতীয় বায়ুসেনায় হাই স্পিড লো ড্র্যাগ-মার্ক ২ নামে পরিচিত। সুখোই-৩০, জাগুয়ার এবং মিগ-২৯ যুদ্ধবিমানের সঙ্গে এটি যুক্ত করা যায়।

প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে এই মিসাইল সংগ্রহ করা হবে। দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই ইজরায়েলের কাছে অর্ডার পাঠানো হবে। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, প্রচুর পরিমাণে এই অস্ত্র সংগ্রহ করা হবে যাতে ভবিষ্যতের অভিযানে ভারতীয় বায়ুসেনার বিমানবহরে পর্যাপ্ত যোগান থাকে।

অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে ও বাহাওয়ালপুরে জঙ্গিঘাঁটি ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই মিসাইল। সুখোই-৩০ এমকেআই থেকে উৎক্ষেপণ করা হয় র‍্যাম্পেজ। এর উচ্চ গতি ও নির্ভুল আঘাতের ক্ষমতা পাকিস্তানকে কার্যত স্তম্ভিত করে দিয়েছিল। সেনা সূত্রে বলা হয়েছে, এটি একধরনের উচ্চগতির বায়ু থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র।

এর আগে ২০২০-২১ সালে গালওয়ান সংঘাতের সময়ে ইজরায়েলের কাছ থেকে কিছু র‍্যাম্পেজ মিসাইল সংগ্রহ করেছিল ভারত। তবে তখন এগুলি ব্যবহৃত হয়নি। অপারেশন সিঁদুরে এর কার্যকারিতা চাক্ষুষ করার পর নতুন করে বিপুল সংখ্যায় সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে দেশের মধ্যেই র‍্যাম্পেজ মিসাইলের উৎপাদন শুরু করার বিষয়ে আলোচনাও চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button