‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালার মৃ.ত্যু.তে সামনে এল এক নয়া তথ্য, কী বলল পুলিশ?

মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হল বলিউড অভিনেত্রী তথা কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালার। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত নানা মানুষ। কেউ এখনও মানতেই পারছেন না, সেই দুষ্টুমিষ্টি মেয়েটি আজ নেই। চোখের জল থামছে না শেফালির মা এবং স্বামীর। শেষ বারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা। কেন মৃ.ত্যু হল অভিনেত্রীর? শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালার মৃত্যুতে সামনে এল এক নয়া তথ্য। বিপদ লুকিয়েছিল বয়স কমানোর জন্য নেওয়া ড্রাগসে? মাত্র ৪২ বছর বয়সে শেফালির চলে যাওয়া মেনে নিতে পারছেন না ভক্তরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় অভিনেত্রীর। কিন্তু, বাইরে থেকে ‘ফিট অ্যান্ড ফ্যাব’ শেফালির সঙ্গে আচমকা এই দুর্ঘটনা, ভক্তদের মনে একাধিক সন্দেহ তুলছিল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই কিছু ওষুধ খেয়েছিলেন শেফালি। সন্ধ্যায় তিনি একটি ইঞ্জেকশনও নেন। এই অ্যান্টি এজিং ড্রাগ বা বয়স কমানোর ড্রাগটি গত কয়েক বছর ধরেই বিশেষজ্ঞদের পরামর্শ মতো নিতেন অভিনেত্রী। এর পরেই রাতে শেফালির ব্লাড প্রেসার হঠাৎ করে অনেকটা কমে যায় এবং তিনি কাঁপতে শুরু করেন। তার পরেই শেফালির পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

ইতিমধ্যেই শেফালির বাড়িতে গিয়ে ওই সমস্ত ওষুধ এবং ইঞ্জেকশনের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, ওই দিনে বাড়িতে একটি পুজো থাকার কারণে উপোস করেছিলেন শেফালি। তবে কি খালিপেটে ওষুধ খাওয়ার কারণেই আজ তিনি আমাদের মধ্যে আর নেই। উঠছে সেই প্রশ্ন? পুলিশ সায়েন্টিফিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে। তা হাতে পাওয়ার পরেই এ বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু বলা সম্ভব বলে জানাচ্ছেন তদন্তকারীরা।





