প্রকাশ্যে ফাস্ট লুক ‘কর্পূর’-এর, বিশিষ্ট বাম নেতার চরিত্রে কুণাল ঘোষ

শুধু রাজনীতির ময়দানে নয় এবার সিনেমার পর্দায় দেখা যাবে তৃণমূল নেতা কুনাল ঘোষকে। অরিন্দম শীলের রাজনৈতিক থ্রিলার কর্পূরে তাঁকে দেখা যাবে বামনেতার চরিত্রে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমার ফাস্ট লুক। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হোটেলে ছবির প্রথম লুক প্রকাশিত হল। শুটিং শুরু বুধবার থেকে। বৃহস্পতিবারেও হবে শুটিং।
মঙ্গলবার কুণাল ঘোষের ছবি সামনে আসতেই শুরু হয়েছে হইচই। ছবিতে দেখা যাচ্ছে চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে ঘড়ি, পরনে সাদা ফতুয়া আর ধুতি পরে আছেন তৃণমূল মুখপাত্র। শোনা যাচ্ছে বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন কুণাল ঘোষ।
নতুন এই জার্নি নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘এক একটা চরিত্রের এক এক রকম বৈশিষ্ট্য। আমি এই বিষয়ে একদম নতুন। আমি নবাগত। ফলত আমাকে আমার পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন। আর আমার বন্ধু ব্রাত্য, সেও খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন আমাকে। আমি সেইমতো নিজেও অনুশীলন করছি। ভালোভাবে বারবার স্ক্রিপ্টটা পড়ছি। পিডিএফ আকারেও ছবির স্ক্রিপ্টটা রেখেছি। কখনও গাড়িতে যেতে যেতে স্ক্রিপ্টটা পড়ে নিচ্ছি। এভাবেই চেষ্টা করছি।’
প্রসঙ্গত, নয়ের দশকের শেষভাগের মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার ছায়ায় নির্মিত হচ্ছে এই ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর বাড়ি না ফেরার হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। যার নানারকম থিয়োরি-রাজনৈতিক যোগ আছে।





