কলকাতা লিগের উদ্বোধন ম্যাচে হার কালীঘাট মিলন সংঘের

জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বুধবার সন্ধ্যায় কলকাতা লিগের বোধন নৈহাটিতে। পৌষালী বন্দোপাধ্যায়ের গান থেকে লেজার শো, বিভিন্ন ধরনের ডান্স এর ঝলকানি থেকে বাজি প্রদর্শনী। ফুটবল প্রেমীরা দর্শকরা গ্যালারিতে বসে জমিয়ে উপভোগ করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এরপর এদিন কলকাতা লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বেহালা এসএস স্পোর্টিং ক্লাব ও কালীঘাট মিলন সংঘ।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত গোল বিএসএসের হয়ে ডেভিডের। ম্যাচের প্রথম দিকে কালীঘাটকে কিছুটা আকর্ষণীয় দেখালেও,ম্যাচের দ্বিতীয়ার্ধে দাপট বেহালার। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন কালীঘাট মিলন সংঘের এক ফুটবলার। ফলে আরও চাপে পড়ে যায় কালীঘাট। শেষ পর্যন্ত ১ গোলে লিগের প্রথম ম্যাচ জিতে নেয় বেহালা এসএস। আর এই জয়ের পর কালীঘাট মিলন সংঘের কোচ বলেন, গোল মুখ খুলতে না পারায় হারতে হয়েছে। তবে পরের ম্যাচে দল জয়ে ফিরবে। অন্যদিকে বেহালা এসএস এর কোচ সাংবাদিক সম্মেলনে জানান, জয়ের ধারা অব্যাহত রাখাই তাদের চ্যালেঞ্জ।

প্রথম ম্যাচের ফলাফল ভুলে এখন নিজেদের দ্বিতীয় ম্যাচের দিকে ফোকাস রাখছে বেহালা এসএস ও কালীঘাট মিলন সংঘ দুই দলই। কারণ এ গ্রুপে তাদের খেলতে হবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো বড় দলদের বিরুদ্ধে। তাই নিজেদের শক্তিকে ঝালিয়ে নিচ্ছে দুই দলই।





