ঘরের ছেলে ফিরল ঘরে! যু.দ্ধবি.ধ্বস্ত ইরান থেকে দেশে ফিরলেন ১১০ ভারতীয় পড়ুয়া

এবার নতুন অভিযানে ভারত সরকার। এবার শুরু হল ‘অপারেশন সিন্ধু’। মধ্য প্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইরান-ইজরায়েলের সংঘাতের জেরে, তার মাঝেই এই অভিযান। ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হল দেশে। প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়া ফিরল ভারতে। ইরান-ইজরায়েলের সংঘাতের পরই সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ ছিল অনেকটাই। তবে, সেই ক্ষেত্রে ভারত সরকার হাত গুটিয়ে থাকেনি। যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছিল ভারত সরকার, কিন্তু ইরানের আকাশপথ বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছিল না। পরে ইরান সরকার সীমান্ত দিয়ে উদ্ধারকাজে সম্মতি দিতেই শুরু হল অপারেশন সিন্ধু। বুধবারই ইরান থেকে আর্মেনিয়া হয়ে দোহায় নিয়ে আসা হয় ১১০ জন ভারতীয়কে। তারপর সেখান থেকে বিমানে এ দিন ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন তারা।
জানা গিয়েছে, উদ্ধার করে আনা ১১০ জন ভারতীয়ের মধ্যে ৯০ জনই জম্মু-কাশ্মীরের। এই ১১০ জনই ইরানের উরমিয়া মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পড়ছিলেন। ৯০ জন কাশ্মীরী পড়ুয়াকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার ফ্লাইটে যাওয়ার নিখরচায় ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার।

সূত্রের খবর, ইরানে প্রায় ১৩ হাজারেরও বেশি ভারতীয় পডুয়া রয়েছে। অধিকাংশই মেডিক্যাল পড়তে যায়। এর মধ্যে অধিকাংশ পড়ুয়া আবার জম্মু-কাশ্মীরের। ইরান-ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার পরই কাশ্মীরে বিক্ষোভ মিছিলও বেরিয়েছিল সেই কারণে। ভারতীয় পড়ুয়াদের ধাপে ধাপে উদ্ধার করে আনার কাজ শুরু করতেই জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানানো হয়েছে।





