
চার মাসের প্রতীক্ষার অবসান হতে চলেছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের ক্ষেত্রে অবশেষে জট কাটল সুপ্রিম কোর্টের নির্দেশে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অন্তর্বর্তীকালীন স্থগিত করেছে দেশের শীর্ষ আদালত। ফলে রাজ্যের মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির পথে আপাতত আর কোনও বাধা থাকছে না। আদালতের নির্দেশ অনুযায়ী, শুক্রবারই রাজ্যের তরফে জয়েন্টের ফলপ্রকাশের সম্ভাবনা প্রবল।
রাজ্যের জয়েন্ট পরীক্ষা হয়েছিল প্রায় চার মাস আগে। কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে মামলায় জটিলতা তৈরি হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রর বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন জানানো হয়েছিল, জট না কাটলে জয়েন্টের ফল প্রকাশ করা যাবে না। এতে বিপাকে পড়েন কয়েক লক্ষ পরীক্ষার্থী। ভর্তি প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ায় রাজ্যের তরফে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।
শুক্রবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। ফলে রাজ্যের জয়েন্ট পরীক্ষার ফলপ্রকাশে আর কোনও বাধা থাকল না। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায়। ২০১০ সালের পর দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই সূত্রে ২০২৪ সালের পরীক্ষায় ওবিসি প্রার্থীদের নতুন করে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, ২০১০ সালের আগে ৬৬টি স্বীকৃত সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। যাদের সার্টিফিকেট ২০১০ সালের পরে, তারা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না।এই রায় নিয়েই তৈরি হয় চরম জটিলতা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত সেই জট কাটল। আদালতের এই নির্দেশে স্বস্তি পেয়েছে কয়েক লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবার। শিক্ষা দফতর সূত্রে খবর, খুব শিগগিরই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল এবং মেধাতালিকা প্রকাশ করা হবে।





