ট্রাম্পকে স্পষ্ট জানালেন মোদি, আমেরিকার সঙ্গে মধ্যস্থতায় মোটেই সং.ঘ.র্ষ বিরতি নয়

সূত্র মারফত জানা গিয়েছিল জি৭ বৈঠকের অবসরেই দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। কিন্তু ট্রাম্পকে হঠাৎই আমেরিকা ফিরে যেতে হয়েছে। আর তারপরই মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের আগ্রহে বুধবার টেলিফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনায়কের। বুধবার সকালে বিদেশ সচিব বিক্রম মিসরি এই সাক্ষাতের কথা জানিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে বিক্রম মিসরি জানিয়েছেন, মোদি ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত কখনওই পাকিস্তানের বিষয়ে কোনও মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।

বিক্রম মিসরি জানিয়েছেন, প্রায় ৩৫ মিনিট স্থায়ী কথোপকথন হয়েছিল ট্রাম্প-মোদির। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মোদি ট্রাম্পকে বিস্তারিত জানিয়েছেন। শেষবার তাঁদের কথা হয়েছিল পহেলগাঁও হামলার দিন ২২ এপ্রিল। এদিন মোদি ট্রাম্পকে জানিয়েছেন, ৭ মে সেনাদল গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতেই কেবল হামলা চালিয়েছিল। সেই সঙ্গে মোদি ট্রাম্পকে পরিষ্কার জানিয়েছেন, এই সময়ে কখনওই ভারত-পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতার মতো কোনও বিষয়ে আলোচনা হয়নি। ভারত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনও ধরনের সমঝতা কখনও গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও হবেনা। সেটাও পরিষ্কার করে দিয়েছেন মোদি। জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ রাখার বিষয়ে আলোচনা পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি হয়েছিল। এবং তা হয়েছিল পাকিস্তানের অনুরোধেই। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ভারত এখন আর সন্ত্রাসবাদকে কোনভাবেই ছায়াযুদ্ধ হিসেবে দেখে না, এখন থেকে দেখে পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবেই।





