ভোলবদল আবহাওয়ার! বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৫ জেলায়

গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে নাভিশ্বাস উঠছে গোটা দক্ষিণবঙ্গে। সর্বত্র গরমের দাপট হয়ে উঠছে অসহনীয়। তবে এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের বার্তা দিল হাওয়া অফিস। মঙ্গলবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন চোখে না পড়লেও বুধবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে। যার কারণে অসহ্যকর ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা হলেও মিলতে পারে মুক্তি।

অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। আগামী দুদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে শুধু আগামী ২ দিন নয় চলতি সপ্তাহ জুড়েই উত্তরের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।





