নতুন দল গঠন করছেন? অবশেষে মুখ খুললেন বিজেপিতে ‘ব্রাত্য’ দিলীপ

পদ-নেতৃত্ব কোনওটাই নেই। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের পর থেকে একপ্রকার ব্রাত্যই রয়েছেন দলে। ডাক পাননি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের সভাতেও। সেই সময় জল্পনা শুরু হয়েছিল, এবার কি তৃণমূলেই শুরু হতে চলেছে একদা বং বিজেপির দাপুটে রাজ্য সভাপতির রাজনৈতিক যাত্রাপথ। তবে এই জল্পনাতে জল ঢেলেছেন নিজেই। তবে নামটা কিনা দিলীপ ঘোষ, তাই বিজেপিতে প্রাসঙ্গিক না থাকলেও পিছু ছাড়ছে না বিতর্ক।

বিগত দিন দুই ধরে উঠেছে নতুন জল্পনা। এবার কি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের নিয়েই নতুন হিন্দুত্ববাদী দল গঠন করতে চলেছেন দিলীপ? এমনকি উঠে এসেছে দলের নামও – হিন্দু সেনা! এই আবহে এবার মুখ খুললেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখে দাঁড়িয়ে নতুন দল গঠনের জল্পনা সরাসরি নাকচ করে দিলীপ বলেন,’ আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি। করার দরকারও নেই।’ তাঁর মন্তব্য, ৭০ বছর ধরে লড়াই করে দাঁড় করানো হয়েছে দলটাকে। এই দলই স্বপ্নপূরণ করবে মানুষের। তিনি আরও স্পষ্ট করে বলেন, রাজনীতিতে যতদিন থাকবেন, ততদিন বিজেপিই করবেন।

সূত্রের খবর, বিজেপিতে কোণঠাসা হলেও আরএসএস থেকে দিলীপকে নিজের মত কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। নিজের উদ্যোগেই বিভিন্ন কার্যক্রম করতে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির একদা দাপুটে নেতাকে। তবে তিনি যে এখন প্রথম সারির নেতাদের কাছে ব্রাত্য তা একপ্রকার পরিষ্কার।





