Blog

 নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গে! ভারী বৃষ্টির তাণ্ডব একাধিক জেলায়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়েছে বর্ষার মেজাজ। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা কলকাতার। কোথাও কোথাও চলছে ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে রয়েছে নিম্নচাপ অঞ্চল। অন্য দিকে, সংলগ্ন ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে আগামী দু’দিন ধরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। একই সঙ্গে, নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপ অঞ্চল এবং সংলগ্ন ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা।

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হবে ঝড়, বজ্রবিদ্যুৎ। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়ায় জারি সতর্কতা। প্রবল আশঙ্কা সমুদ্র উত্তাল হওয়ার। সেইকারণে মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে। 

অন্যদিকে, বৃষ্টির হাত ধরেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতাবাসী। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস।  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, ফলে ভ্যাপসা গরম কিছুটা থাকলেও অতিরিক্ত দাবদাহ থেকে রেহাই মিলছে আপাতত।

অপরদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button