শিলিগুড়িতে রাতের অন্ধকারে ডাকাতি এটিএমে! লুঠ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা

ফের এটিএম লুঠ করে পালাল দুষ্কৃতীরা ! এবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে। গ্যাস কাটার দিয়ে ATM কাটার ফলে আগুন ধরে যায়। দমকল এসে এটিএমের আগুন নেভায়। জানা যাচ্ছে প্রায় ২০ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে খবর।
সূত্রের খবর, সোমবার রাত প্রায় ৩টে নাগাদ শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকার লোকনাথ বাজারে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে হামলা চালায় একদল দুষ্কৃতী। একটি সাদা রঙের টাটা সুমো গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী আসে। গ্যাস কাটার মেশিন দিয়ে এটিএম কেটে টাকা লুঠ করে পালিয়ে যায় তারা। টাকা বের করার সময় মেশিনে আগুন ধরে যায়। বুথে থাকা সিসিটিভিতে স্প্রে করে দেয় তারা, যাতে পুরো ঘটনা ধরা না পড়ে ক্যামেরায়।
লুঠের পর শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস ধরে আশিঘর মোড় হয়ে ঘোগোমালি দিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে দুষ্কৃতীদের গাড়ি। ধাওয়া করেও ধরা যায়নি তাদের ৷ আশিঘর আউট পোস্টের পুলিশ তড়িঘড়ি সমস্ত থানাকে সতর্ক করে। এরপর পুলিশের চোখে ধুলো দিতে শহরের বাইরেই লুঠের গাড়িটি ফেলে অন্য গাড়ি করে পালায় দুষ্কৃতীরা।
অপরদিকে, এটিএম গ্যাস কাটার দিয়ে কাটার সময় আগুন লেগে যায় । পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকল বিভাগকে । ঘটনাস্থলে আসে ডাবগ্রাম ফুলবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন । দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থলে ছুটে আসেন আইসি ভক্তিনগর এবং ডিসিপি ইস্ট রাকেশ সিং । এই ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি রবীন থাপা জানান, “দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে । পুলিশ তাড়া করেছিল ।”
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রদীপ কর্মকার বলেন, “রাত তিনটে নাগাদ ঝগড়ার আওয়াজ পাই । উঠে দেখি হিন্দিতে কথা চলছে । পাশে পুলিশ দাঁড়িয়ে আছে । অন্যদিকে, এটিএমে আগুন লেগেছে । পুলিশ আমাকে বলে দমকলে খবর দিতে । আমি দমকলে খবর দিই । এলাকায় পুলিশ ঘোরাঘুরি করে । রাস্তাটিও ব্যস্ত । তারপরেও এই ঘটনা ঘটা সত্যিই উদ্বেগজনক। আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি”।





