পশ্চিমবঙ্গের প্রথম এআই হাব, চাকরি পাবেন ৫ হাজার পেশাদার কর্মী, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

এবার চাকরিজীবীদের জন্য সুখবর! । বাংলা থেকে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের প্রযুক্তিনির্ভর বিনিয়োগের ক্ষেত্রে নতুন পদক্ষেপ। কলকাতায় আইটিসি লিমিটেডের তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবা ক্যাম্পাসে অনুমোদন দিল রাজ্য সরকার। রাজারহাটে এআই সেন্টার তৈরি করছে আইটিসি ইনফোটেক। আর এবার মুখ্যমন্ত্রীর সৌজন্যে নিউ টাউন অ্যাকশন এরিয়া-থ্রি এলাকায় ১৭ একর জমির জন্য ‘অকুপ্যান্সি সার্টিফিকেট’ (আইনি অধিকারের শংসাপত্র) দিয়ে দিয়েছে পুরসভা। মঙ্গলবার সমাজমাধ্যমে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, ওই ক্যাম্পাসে তিনটি ভবন রয়েছে। যার মধ্যে একটি গগনচুম্বী অফিস টাওয়ার, একটি বিজনেস সাপোর্ট সেন্টার এবং একটি নলেজ সেন্টার। সেই সঙ্গে আইটিসি লিমিটেডের ওই ক্যাম্পাসে ১২০০ কোটির লগ্নি হয়েছে। এই উদ্যোগের ফলে সরাসরি ৫০০০ পেশাদারের কর্ম সংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ) কর্তৃক নিউ টাউনের অ্যাকশন এরিয়া-থ্রি এলাকায় অবস্থিত আইটিসি লিমিটেডের বিশ্বমানের আইটি অ্যান্ড আইটিইএস (ইনফর্মেশন টেকনোলজি এন্যাবল্ড সার্ভিসেস) ক্যাম্পাসের জন্য ‘অকুপ্যান্সি সার্টিফিকেট’ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এই বছর ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। আইটিসির এই উদ্যোগ পশ্চিমবঙ্গে প্রথম কোনও এআই হাব শুরু হতে চলেছে।





