
২১ দিন পাকিস্তানি সেনার হাতে বন্দি থাকার পর স্বদেশে ফিরে এলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শনিবার হাওড়ার ময়দান এলাকায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে তাঁর জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পূর্ণম বলেন, “পাকিস্তানে বন্দি অবস্থায় বাড়ি ফেরার আশা ছিল না। এখন মনে হচ্ছে যেন পুনর্জন্ম হয়েছে।”
ডিউটিতে থাকা অবস্থায় পাঞ্জাবের আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন পূর্ণম। এরপর ২১ দিন তাঁকে বন্দি করে রাখে পাকিস্তান সেনা। সীমান্তে তীব্র উত্তেজনার আবহে বাড়ি ফেরার আশা ক্ষীণ হয়ে পড়েছিল

তবে ভারত সরকারের প্রচেষ্টা ও রাজ্য সরকারের সমর্থনে ২৩ মে হুগলির রিষড়ায় ফিরে আসেন তিনি।
পূর্ণম জানান, বন্দি অবস্থায় পরিবারের কথা মনে করে দুশ্চিন্তায় কেটেছে দিন। কারণ তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর ফিরে আসাকে কেন্দ্র করে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মন্ত্রী অরূপ রায় বলেন, “পূর্ণমের মতো জওয়ানদের জন্যই আমরা নিরাপদে থাকতে পারি। তিনি আমাদের গর্ব।”





