Breaking News

পর্যটনের আস্থা সেই বাংলাই! মমতার সঙ্গে বৈঠক কাশ্মীরের মুখ্যমন্ত্রীর?

এবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বৃহস্পতিবার নবান্নে দেখা করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এমনটাই সূত্রের খবর। কিন্তু পহেলগাঁও-র ঘটনার পর হটাৎ কেনই বা বাংলায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী?

জানা গিয়েছে, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে মূলত পর্যটনের সম্ভাবনা ও উন্নয়নমূলক দিকগুলি তুলে ধরার জন্যই পশ্চিমবঙ্গে আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠক হতে পারে ওমর আব্দুল্লার। যদিও এখনও পর্যন্ত সেই বৈঠকের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত নয়, তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর কলকাতায় আসা নিশ্চিত।

অন্যদিকে, পহেলগাঁও কাণ্ডের পর একাধিকবার দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল ওমর আব্দুল্লাহকে। পাশাপাশি, বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশের সময় নিজেদের সরকারের ব্যর্থতাও স্বীকার করে নেন তিনি। পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার কারণে ক্ষমাও চান তিনি। দর্শকদের উদ্দেশে তিনি বলেছিলেন, “আমি জানি না মৃতদের পরিবারের কাছে কী ভাবে ক্ষমা চাইব! আয়োজক হিসাবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি পারিনি।”

ভূস্বর্গে পর্যটকের নিরিখে বাঙালিদের ভিড় চোখে পড়ার মত। গত কয়েক বছরে যা ক্রমেই বেড়ে চলেছে। সারা বছর ধরেই কাশ্মীরে ঘুরে বেড়াতে দেখা যায় পশ্চিমবঙ্গবাসীদের। পহেলগাঁওয়ের ঘটনার পর এখনও সেখানে বিষাদের ছায়া, এক্কেবারে পর্যটক শূন্য হয়ে পড়েছে ভূস্বর্গ। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে, জম্মু-কাশ্মীরের পর্যটনকে আরও বাড়াতে এ রাজ্যের পর্যটকদের উদ্বুদ্ধ করতে চান জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, সেই বিষয়টিকে ফলপ্রসু করতেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button