প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ কত?

চার বছরে ৩৮ দেশ! প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ ২৯৫ কোটি টাকা! এক ফ্রান্স সফরেই উড়ল ২৫ কোটি। নরেন্দ্র মোদির বিদেশযাত্রা নিয়ে সংসদে উঠল প্রশ্ন, জবাবে চমকে যাওয়ার মতো পরিসংখ্যান। তৃণমূলের প্রশ্নে বিদেশমন্ত্রকের স্বীকারোক্তি। তিনি শুধু দেশের প্রধানমন্ত্রী নন, সমালোচকদের মতে “আন্তর্জাতিক সফরদূত”! নরেন্দ্র মোদি, শেষ চার বছরে পা রেখেছেন ৩৮টি দেশে। এমন সব দেশে, যেখানে কয়েক দশক কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গিয়েই ওঠেননি। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় – এই সফরের খরচ!
রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের প্রশ্নে যা উঠে এল, তা নিঃসন্দেহে চমকপ্রদ।
পরিসংখ্যান বলছে —
🔸 ২০২১: ৩৬ কোটি টাকা
🔸 ২০২২: ৫৫.৮২ কোটি
🔸 ২০২৩: ৯৩ কোটি
🔸 ২০২৪: ১০৯ কোটি টাকা
চার বছরে মোট খরচ – ২৯৫ কোটি টাকা
বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে জানিয়েছেন, ২০২৪ সালেই প্রধানমন্ত্রীর ১৬টি বিদেশ সফরে ব্যয় হয়েছে সর্বাধিক — ১০৯ কোটি টাকা।এবছর ২০২৫-এ ইতিমধ্যেই সফর সেরেছেন পাঁচটি দেশে। খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। তার মধ্যে শুধু ফ্রান্স সফরেই খরচ ২৫ কোটি টাকা, আর মার্কিন সফরে ১৬ কোটি টাকা! যা এতদিনে মোদির সবচেয়ে ব্যয়বহুল সফর বলেই চিহ্নিত।
বিরোধীদের প্রশ্ন — “দেশে যেখানে অর্থের অভাবে কৃষক আত্মহত্যা করেন, মেডিকেলে বেড মেলে না, চাকরি নেই কোটি যুবকের, সেখানে এত কোটি শুধু ভ্রমণে কেন?”
যদিও কেন্দ্রের দাবি – প্রধানমন্ত্রীর সফর শুধুই সৌজন্যমূলক নয়, এগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা, বিনিয়োগ টানার কূটনৈতিক কৌশল।





