উত্তরাখণ্ডের পর হিমাচলেও হড়পা বান!

উত্তরাখণ্ডের পর এবার হিমাচলেও হড়পা বান! আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে যায় টাংলিং নালার উপরের অস্থায়ী দুটি সেতু। আটকে পড়েন বহু পর্যটক। জিপলাইন থেকে উদ্ধার ৪১৩ জন পর্যটক।
সূত্রের খবর, বুধবার সকালে হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান নামে। ওই সময় কিন্নৌর কৈলাস ট্রেকিং রুটে ৪১৩ জন পুণ্যার্থী ছিলেন। তখনই আচমকা হড়পা বানের তোড়ে ভেসে যায় পথের দু’টি সেতু। আটকে পড়েন পুণ্যার্থীরা। টংলিং নালার একটি সেতুও ভেসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার অভিযান। শেষমেশ বহুক্ষণের চেষ্টার পর পুণ্যার্থীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
হিমাচলের বিপর্যয়ে হতাহতের কোনও খবর না মিললেও ভারী বৃষ্টির জেরে বাড়ছে সমসস্যা। এর জেরে হিমাচলের একাধিক জায়গায় নেমেছে ধস। ক্ষতিগ্রস্থ হিমাচল প্রদেশের সোলান জেলা। বন্ধ চাক্কি মোড়ে হাইওয়ে । বুধবার সকালে ভূমিধসের কারণে চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ধসের জেরে বন্ধ চণ্ডীগড়-মানালি হাইওয়েও। সেই কারনে আটকে পড়েছেন তীর্থযাত্রীরা।
অপরদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১২ ঘণ্টায় চাম্বা, হামিরপুর, কাংড়া, কুলু-মানালি, লাহুল-স্পিতি, মান্ডি, উনা, বিলাসপুর, কিন্নর, সোলান, সিমলা এবং সিরমৌর জেলার একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা।





