ফের গ্রেফতার পাকিস্তানি চর! তদন্তে জয়সলমীর পুলিশফের গ্রেফতার পাকিস্তানি চর! ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। বয়স ৩২। রাজস্থানের জয়সলমীর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, ডিআরডিও গেস্ট হাউসে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মহেন্দ্র প্রসাদ। পাক গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সংবেদনশীল ও গোপন তথ্য তিনি শত্রু দেশের হাতে তুলে দিতেন বলেই অভিযোগ। সিআইডি আইজি ড. বিষ্ণুকান্ত জানিয়েছেন, সামনেই স্বাধীনতা দিবস। তার আগে রাজস্থানের সিআইডি বিভাগের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছিল। আর সেই সময়ই ধরা পড়ে মহেন্দ্রর কারসাজি।
বুধবার সকালেই জানা যায় মহেন্দ্র প্রসাদ নামে এক ব্যক্তি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত রয়েছেন ডিআরডিও গেস্ট হাউসে। তদন্ত শুরু করতেই দেখা যায়, মহেন্দ্রর সঙ্গে পাক গোয়েন্দাদের যোগাযোগ রয়েছে। ডিআরডিও বিজ্ঞানীদের গতিবিধি, গবেষণা ও সেখানে আসা ভারতীয় সেনা অফিসারদের নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন তিনি।
এরপরই দ্রুত গ্রেফতার করা হয় মহেন্দ্রকে। তাঁর মোবাইল ফোনটি খুঁটিয়ে দেখা হচ্ছে। দুই নিরাপত্তা সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত কিনা সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে পাক চর সন্দেহে বিশাল যাদব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজস্থানের সিআইডি। দিল্লিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে বছরের পর বছর ধরে কাজ করছিলেন ওই ব্যক্তি। এমনকী অপারেশন সিঁদুরের সময়েও চরবৃত্তি করেন তিনি।





