ফের ডেঙ্গিতে মৃ*ত্যু শহরে! বাড়ছে উদ্বেগ!

পুজোর আগে শহরে ফের মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি । সাতদিনের মধ্যে ফের প্রাণ গেল এক যুবকের। মৃতের নাম অরিজিৎ দাস। বাড়ি বেহালায়।
সূত্রের খবর, গত শনিবার জ্বর হয়েছিল অরিজিতের । রবিবার রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গি ধরা পড়ে তাঁর। এরপর প্রথমে এসএসকেএম এবং তারপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এসএসকেএমে বেড নেই বলে এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাঁদের রোগী সঙ্কটজনক নয় বলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর অরিজিৎকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ডেঙ্গির। এদিনই বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দফতর সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে।
মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার তরফেও নজরদারি বাড়ানো হয়েছে। ভোর থেকে দল মোতায়েন করে গৃহ পরিদর্শন, জল জমার সম্ভাব্য উৎস খুঁজে ধ্বংস এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যাতে বাড়ির ছাদ, বারান্দা বা আশপাশে কোথাও যেন জল না জমে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থতা বোধ করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, শুধু অরিজিৎই নন, এর আগে ৯ অগস্ট প্রাণ হারিয়েছিলেন বালিগঞ্জের বাসিন্দা প্রবীণ চিত্রশিল্পী স্বরূপ মুখোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। টানা দুই মৃত্যু শহরে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।





