ফের বঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা! বাড়বে দুর্যোগ! কী পূর্বাভাস?

দক্ষিণবঙ্গে এখনও চলবে ঝড়বৃষ্টি। এবার বঙ্গের ১০টি জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ। উত্তরে এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। বেশ কিছু দিন সেখানে চলবে ভারী বৃষ্টি। এছাড়াও উত্তরবঙ্গের রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
বুধবার উত্তরও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমানে পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
বর্ষা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণের জেলাগুলিতে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের উপরে রয়েছে। পাশাপাশি, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপ অঞ্চলের একেবারে মাঝ বরাবর গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তা পুরুলিয়া, কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।





