ফের সক্রিয় নিম্নচাপ! ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

শ্রাবণ মাস শেষ হলেও এখনও বাংলায় সক্রিয় বর্ষা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটিই স্থলভাগে ঢুকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
সূত্রের খবর, ঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগঢ় এলাকায় অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে এর জেরে আগামী কয়েক দিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। বেলা বাড়লেও রোদের দেখা নেই। সঙ্গে ঝিরঝির করে বৃষ্টিও চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগ চলবে কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির প্রকোপ বাড়বে। ওই দিন দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। ওই দিন দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আজ থেকেই উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। চলবে ঝোড়া হাওয়া। সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন দেখা যাবে না।





