বাতিল বাংলাদেশ সফর! ভারত-বিরোধী হওয়ার ফল?

অবশেষে কেটে গেল জল্পনা। বাংলাদেশ যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আগামী ১৩ অগাস্ট বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখানে ১৭ থেকে ৩১ অগাস্টের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এ সিরিজের সূচি মাস দু’য়েক আগেই প্রকাশিত হয়েছিল। কিন্তু সূত্রের খবর, বাংলাদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রের সবুজ সঙ্কেত পায়নি বিসিসিআই৷ ফলত, সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু, কেন? হঠাৎ করে এই সফর বাতিল হওয়ার কারণ কী?

২০২৪ সালের অগাস্টে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তী কালে মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ সামলানোর মধ্যবর্তী সময়ে বেশ অনেকটাই বদলে গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং পড়শি ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক৷

সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির পরিবেশকেই এই সফর বাতিলের প্রধান কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে? বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে সেখানে বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে৷ এমন পরিস্থিতিতে ভারত সরকার কখনওই টিম ইন্ডিয়াকে বাংলাদেশে পাঠানোর ঝুঁকি নেবে না বলে জানা গিয়েছে।

বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস ইতিমধ্যেই বেশ কয়েকবার ভারত বিরোধী মন্তব্য করেছেন। গত কয়েক মাসের মধ্যে ভারতের পরিবর্তে চিন সরকারেরই বেশি কাছাকাছি যেতে দেখা গিয়েছে তাঁকে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও, দুই দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্কই এই সিরিজ স্থগিত করার একটি কারণ, এমনটাই মনে করছেন বিশ্ব রাজনৈতিক মহলের একাংশ।





