Breaking Newsঅন্যান্যআরও ≡জেলাদেশমহানগররাজ্য

ডাক্তারিতে ভর্তি বন্ধের নোটিশ! স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে হঠাৎ করেই থমকে গেল ভর্তি প্রক্রিয়া। স্বাস্থ্যভবনের নির্দেশে আপাতত এমবিবিএস, বিডিএস ও এমডিএস কোর্সে কাউকে ভর্তি করা হচ্ছে না। হঠাৎ এই সিদ্ধান্তে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়লেন NEET উত্তীর্ণ পড়ুয়ারা।

স্বাস্থ্যভবনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, স্নাতক থেকে স্নাতকোত্তর স্তরের চিকিৎসা শিক্ষায় ভর্তি আপাতত বন্ধ থাকছে। তবে বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতাই এই সিদ্ধান্তের মূল কারণ। বিষয়টি এখনও বিচারাধীন থাকায় ভর্তি প্রক্রিয়ায় ব্রেক টানা হয়েছে। ফলে কখন নতুন করে ভর্তি শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে AIDSO রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক ডাঃ সামস মুসাফির বলেন, “স্বাস্থ্যভবন একটি নোটিস জারি করে MBBS ও BDS ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। এর ফলে NEET-UG উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়ল। এমবিবিএস ও বিডিএস ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। যেভাবে আইনি জটিলতা তৈরি করে সেটাকে অজুহাত করে উচ্চশিক্ষার সমস্ত ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া বানচাল করে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তা অত্যন্ত ন্যাক্কারজনক।”

ডাঃ সামস মুসাফির আরও বলেন, “চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে গেলে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সময় সংকুচিত হবে, যার প্রভাব কেবল ডাক্তারি ছাত্রছাত্রীদের শিক্ষার ওপর নয়, স্বাস্থ্য পরিষেবার মানের উপরও পড়বে। তাই আমরা দাবি করছি, অবিলম্বে সমস্ত রকম সমস্যা তৎপরতার সাথে সমাধান করে ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং ক্লাস চালু করতে হবে। অবিলম্বে এই পদক্ষেপ না নিলে রাজ্যজুড়ে ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button