
খাস কলকাতার বেলেঘাটায় ঘটল চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বচসার জেরে বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করে খুন করল তাঁরই ছেলে। মৃতার নাম নন্দিতা বসু (৬৫)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত নিথর দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটার কবি সুকান্ত সরণীতে ছেলে মৈনাক বসুকে (৩৫) নিয়ে থাকতেন বৃদ্ধা নন্দিতা। এদিন দুপুরে স্থানীয় থানায় খবর আসে, ওই বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন নন্দিতা। পুলিশ গিয়ে দেখতে পায়, তাঁর দেহ ঠান্ডা হয়ে গিয়েছে এবং মুখে রক্ত লেগে আছে। প্রাথমিক তদন্তেই উঠে এসেছে, ছেলের হাতে মারধরের ফলেই মৃত্যু হয়েছে মায়ের।
এদিন কী কারণে মা-ছেলের মধ্যে বচসা শুরু হয়, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, বচসা চলাকালীন মৈনাক মাকে বেধড়ক মারধর করে। গুরুতর আঘাতের জেরে তাঁর মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং সেখানেই মৃত্যু হয় নন্দিতা দেবীর। ঘটনার পরেই মৈনাককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মৈনাককে জেরা করে জানা হচ্ছে, ঠিক কী কারণে এমন মর্মান্তিক পরিণতি হল। প্রতিবেশীরাও ঘটনার খবরে হতবাক। বেলেঘাটার শান্ত এলাকায় এমন নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে।





