তীব্র গরমে মিলবে স্বস্তি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে নাভিশ্বাস উঠছে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার বৃষ্টি শুরুই হয়নি। সর্বত্র গরমের দাপট হয়ে উঠছে অসহনীয়। তবে বুধবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গে বিরাট হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এদিন বিকেলে শহর কলকাতার পাশাপাশি হাওড়া,হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই পর্বে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খানিকটা কমবে। হাওয়া অফিস সূত্রে খবর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই হাওয়ার দাপট থাকবে বেশি।

বুধবার বিকেল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অসহ্য ভ্যাপসা গরম থাকবে। তবে এ দিন থেকে পশ্চিম ভারতে লু-এর মতো উষ্ণ ও শুষ্ক হাওয়ার দাপট কিছুটা কমবে। তার বদলে বাড়তে চলেছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ইতিমধ্যে ঢুকে পড়েছে বর্ষা। আজও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।





