জমা জলে বসে ম.দ্যপান! বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইরাল ভিডিও ঘিরে বিত.র্ক

ঘাটালের বন্যার জলে বসেই মদের আসর! সেখান থেকে বার্তা ‘মাস্টার প্ল্যান করছি আমরা’। এমনটাই দেখা গেল ঘাটাল ব্লকের ৫ নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দীপুর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারকের ভাইরাল ভিডিওতে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোমর জলে বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক মদের আসর বসিয়ে দিয়েছেন! পাশে রয়েছে কয়েকজন সঙ্গী, হাতে গ্লাস, সামনে মদের বোতল। জলে বসে তিনি বলছেন,“মাস্টার প্ল্যান করছি আমরা। দেব কথা রাখেনি, আমরাই মাস্টার প্ল্যান করছি। ঘাটালে মাস্টার প্ল্যান হচ্ছে। মোদি জিন্দাবাদ!”
এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়ায়, পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় তরজা। এমন এক সংকটময় মুহূর্তে যখন হাজার হাজার মানুষ ঘরছাড়া, পরিবার নিয়ে ত্রাণ শিবিরে কোনোমতে দিন কাটাচ্ছে, সেই সময় একজন জনপ্রতিনিধির এই উদ্দাম আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন বহু মানুষ।
ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি এই ঘটনাকে “নৈতিক অধঃপতনের চূড়ান্ত নিদর্শন” বলে কটাক্ষ করেন। তিনি বলেন “এই মানুষগুলোকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে! অথচ যখন সাধারণ মানুষ চাল-ডাল-ওষুধের জন্য হাহাকার করছে, তখন এই নেতারা কোমর জলে বসে মদ খাচ্ছে? এটা কি বিজেপির সংস্কৃতি? এর জবাব দিতে হবে।”
এই ঘটনার পর থেকে অস্বস্তিতে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন—“দল এরকম কোনো আচরণকে সমর্থন করে না। এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত দায়িত্বজ্ঞানহীন কাজ। ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে দল ব্যবস্থা নেবে।”তবে এই প্রসঙ্গে শ্রীকান্ত কারক এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।





