ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়!

উত্তাল সমুদ্র, নিষেধাজ্ঞা বহাল মৎস্যজীবীদের জন্য। দুর্যোগের গ্রাসে দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড় উইফার রামিনেন্ট ও নতুন ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট চলবে। তবে ভারী বৃষ্টি চলতে পারে এই সপ্তাহের একেবারে মাঝামাঝি সময় পর্যন্ত। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি দুই বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবারের সকাল থেকে কালো মেঘে ঢেকেছে শহর কলকাতায় আকাশ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র। সে কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার অনুরোধে শুরু হয়েছে মাইকিং ৷ এছাড়াও মৎস্য দফতরের পক্ষ থেকেও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে আগামী চার দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় নেওয়া হয়েছে প্রস্তুতি । উপকূল তীরবর্তী এলাকায় যে সকল জায়গায় মাটির নদী বাঁধ রয়েছে সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে ।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং জেলায়। চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।





