Breaking News

মোদি সরকারের প্রস্তাবিত ‘হিটলারি বিলে’ ‘ষড়যন্ত্র’ দেখছেন মমতা

‘গণতন্ত্রের জন্য কালো দিন।’ লোকসভায় কেন্দ্রীয় সরকারের আনা বিলের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, ১৩০ তম সংবিধান সংশোধনী বিলের নামে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বাজাচ্ছে নরেন্দ্র মোদি সরকার!
বিরোধীদের তুমুল আপত্তির মধ্যেই লোকসভায় পেশ হয়ে গেল গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপসারণ বিল। বুধবার বিরোধীদের বিক্ষোভের মধ্যেই লোকসভায় তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। যাতে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান। যদিও ইন্ডিয়া জোট ওই বিলের তীব্র বিরোধিতা করেছে। ওয়েলে নেমে বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ তৃণমূলের।

বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।

বুধবার বিকেলে এই বিল নিয়েই সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, কাপুরুষের মতো ২০ জন মার্শাল নিয়ে বিল পেশ করেছেন। সাংসদের কথায়, “যদি কাউকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়। তিনি তো আত্মপক্ষ সমর্থনের সুযোগই পাবেন না। এটা অন্যায়।” এরপরই তিনি প্রশ্ন তোলেন, যে তদন্তাধীন মামলাগুলোতে নেতাদের গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে রাখা হয়, সেটা কোন আইনে? অপরাধ প্রমাণিত না হলে কেন একজনকে জেলবন্দি রাখা হবে সেই প্রশ্নও তোলেন তিনি। এরপরই শর্তসাপেক্ষে ‘জনপ্রতিনিধি গ্রেপ্তারি’ বিল সমর্থনের কথা শোনা যায় অভিষেকের গলায়। তিনি বলেন, “৩০ দিন ও দরকার নেই। ১৫ দিনেই পদ ছাড়বে, কিন্তু যদি তদন্তের পর নির্দোষ প্রমাণ হয় সেক্ষেত্রে তদন্তকারীদের গ্রেপ্তার করতে হবে।”

এদিন মমতা লিখেছেন, “এই বিল এখন আমাদের বিচার বিভাগের স্বাধীনতা শেষ করতে চায়। আমরা যা দেখছি তা নজিরবিহীন। বিলটি ভারতীয় গণতন্ত্রের উপর হিটলারি আক্রমণের চেয়ে কম কিছু নয়। বিলটি বিচার বিভাগের সাংবিধানিক ভূমিকা কেড়ে নিতে চায়। ন্যায়বিচার এবং ফেডারেল ভারসাম্যের মূল বিষয়গুলির বিচার করার জন্য আদালতের ক্ষমতা কেড়ে নিতে চায়। বিলটি গণতন্ত্রকে বিকৃত করে।”

এটি কোনও সংশোধনী বিল নয়, বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এটি বাস্তবায়িত হলে আইন আর আদালতের হাতে থাকবে না, বরং স্বার্থান্বেষীদের হাতে চলে যাবে বলেও মনে করছেন তিনি। সাংবিধানিক সুরক্ষা ও জনগণের অধিকার পদদেলিত করছে মোদি সরকার। সেই কটাক্ষও করেছেন মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button