অন্যান্য

সাঁতারু বুলার বাড়ি থেকে চু*রি পদ্মশ্রী! তদন্তে সিআইডি!

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনায় তোলপাড়। তদন্তে নামল সিআইডি। শুক্রবার সকালে সিআইডি আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ওই বাড়িতে যান। নমুনা সংগ্রহ করেন তাঁরা। অন্য দিকে, দলীয় কাজে হুগলি সফরে গিয়ে বুলার পদ্মশ্রী স্মারক চুরির ঘটনায় নিন্দা করলেন অভিনেতা-বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

সূত্রের খবর, হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়ি। বর্তমানে সপরিবারে বুলা চৌধুরী কলকাতার কসবায় ফ্ল্যাটে থাকেন। তাই তাঁর আদি বাড়ি ফাঁকাই থাকে। মাঝেমধ্যে উত্তরপাড়ার এই বাড়িটি দেখাশোনা করেন বুলার ভাই মিলন চৌধুরী। তিনি কিছুটা দূরে থাকেন। স্বাধীনতা দিবসে ছুটি ছিল মিলনের। দিদির নির্দেশমতো এদিন তিনি ঘর পরিষ্কার করাতে যান। বাড়িতে ঢুকে তাজ্জব হয়ে যান। দেখেন পিছনের দিকে থাকা গেট ভাঙা। ঘর লণ্ডভণ্ড। বুলা চৌধুরীর জেতা মেডেল, স্মারক সব চুরি গিয়েছে। শুধু তাই নয়। বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও চুরি হয়ে গিয়েছে। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক-সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি। বুলার দাদা-বৌদির অভিযোগ, ওই বাড়িতে আগেও তিন বার চুরি হয়েছে।

প্রায় সঙ্গে সঙ্গে উত্তরপাড়া থানায় অভিযোগ জানান। অভিযোগ শুনে বুলার বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল,এসিপি আলি রাজা, ডিসিপি অর্ণব বিশ্বাস প্রমুখ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শুক্রবার সিআইডির ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলার বাড়িতে গিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করে, ছবিও তোলেন।

শনিবার শ্রীরামপুরে গিয়েছিলেন অভিনেতা-বিজেপি নেতা মিঠুন। বুলার বাড়ি থেকে পদ্মশ্রীর স্মারক চুরির ঘটনায় তিনি দুঃখপ্রকাশ করেন। কটাক্ষ করে তিনি বলেন, ‘‘যিনি চুরি করেছেন, তাঁকে আর একটা পদ্মশ্রী দেওয়া উচিত। লজ্জা পাওয়া উচিত। আমি বলছি, যিনি করেছেন, তাঁর যদি মনুষ্যত্বের কিছুমাত্র অবশিষ্ট থাকে, দয়া করে ওটা ফেরত দিন।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button