স্কুল চলাকালীন অসুস্থ বহু পড়ুয়া, চলতি সপ্তাহে দু’দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য

উত্তরবঙ্গে আগাম বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের নামগন্ধ নেই। গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল পশ্চিমের জেলাগুলিও। কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই আবহেই এ বার দু’দিনের জন্য রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করল সরকার।
অত্যাধিক গরমের জন্য শুক্রবার এবং শনিবার সব স্কুল বন্ধ। রবিবার সাধারণ ছুটি, ফলে স্কুল ফের খুলবে সোমবার ১৬ জুন। কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে, ফলে ছাত্রছাত্রীদের শরীরের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত রাজ্যের। ১৩ এবং ১৪ তারিখে রাজ্যের পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি ও সরকারপোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে।

প্রায় মাসখানেকের গরমের ছুটির পর ২ জুন থেকে রাজ্যের স্কুলগুলি খুলেছে। কিন্তু তীব্র দাবদাহের ফলে নাজেহাল হয় পড়ুয়ারা। সপ্তাহখানেক আগে গরমের কারণে একাধিক জেলায় প্রাথমিক স্কুলগুলিতে সকালে ক্লাস করানোর সিদ্ধান্ত নেয় বিদ্যালয় সংসদ ডিপিএসসি। সপ্তাহে পাঁচ দিন সকাল সাড়ে ৬টা থেকে ১১টা পর্যন্ত এবং শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত পঠনপাঠন চলবে বলে জানানো হয়। সেই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে ওই সিদ্ধান্ত বাতিল করে। কিন্তু এদিকে দুপুরে ক্লাস করতে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাথমিকের পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার খবর আসে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর জেলাগুলি থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে এ বিষয়ে একাধিক অভিযোগও দায়ের হয়। পরিস্থিতি বিবেচনা করে দেখার জন্য সরকারকে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পরেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।





