Breaking NewsPOLITICSরাজ্য

‘২৬-এর’ রণকৌশল, জেলাওয়ারি বৈঠক তৃণমূল সেনাপতির

ক্রমেই এগিয়ে আসছে রাজ্যের বিধানসভা ভোট। ভোটকে ঘিরে এখন থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই লক্ষেই এবার কোমর বেঁধে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে তিনি বৈঠকে বসেন কোচবিহার জেলার নেতৃত্বর সঙ্গে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ একাধিক নেতা।

লোকসভা ভোটের আগে বারেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন পারফর্ম্যান্সের দিকে। বারেবারে জেলাস্তরের কর্মীদের বলেছিলেন, কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ছাব্বিশের ভোটের আগেও একই বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডারের। পাশাপাশি এ দিন, দলের অন্দরের গোষ্ঠী কোন্দল নিয়েও সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যে কোনও ধরনের কোন্দল মেটাতে দু’দিন করে বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি।

ইতিমধ্যে তৃণমূলের রাজ্যস্তরে বা জাতীয়স্তরে পরিবর্তন সম্পূর্ণ হয়েছে। ব্লকস্তরে পরিবর্তন নিয়েও এদিন আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে কিছু নাম ঠিক করা হয়েছে। সেই নাম যাবে মমতা বন্দ্যোপাধয়ায়ের কাছে। তারপরেই নামের তালিকা প্রকাশিত হবে। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারের সাংগঠনিক বৈঠক হয়েছে। সেই বৈঠকেও ব্লক স্তরের পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া অসম সীমান্ত সংলগ্ন এই জেলায় বাংলাভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনকে আরও জোরদার করতে বলেন অভিষেক। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “ভয় দেখিয়ে, জাতপাতের নাম করে বিভাজন করে ওরা কিছু করতে পারবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button