দেশে ফিরলেন শুভাংশু শুক্লা, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

১৮ দিনের মহাকাশ অভিযান শেষ করে পৃথিবীতে ফিরেছেন আগেই। এবার দেশের মাটিতে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। নিজেই সমাজ মাধ্যমে একথা পোস্ট করে জানিয়েছেন। জানা যাচ্ছে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চলেছেন তিনি।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে নির্ধারিত সময় ঠিক করা হয়েছে। পাশাপাশি আগামী ২৩ অগস্ট জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে গত মাসে পৃথিবীতে ফেরেন তিনি। দীর্ঘ রিহ্যাবিলিটেশনের পর অবশেষে ভারত মাটিতে ফেরা সম্পূর্ণ করেন শুভাংশু। রবিবার ভোরে দিল্লি বিমানবন্দরে পৌঁছন শুভাংশু। তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরোর শীর্ষ কর্তারা।
দেশে ফেরার আগে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা লেখেন মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। তিনি জানিয়েছেন, ‘, ‘ভারতে ফেরার – বিমানে বসে আমার মনে একসঙ্গে অনেকগুলো অনুভূতি কাজ করছে। দুঃখ হচ্ছে সেই অসাধারণ মানুষদের ছেড়ে আসতে, যারা গত এক বছরে এই মিশনে আমার পরিবার ও বন্ধু ছিল। আবার একইসঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এবার আমি প্রথমবার মিশনের পর দেশে ফিরে আমার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারব। মনে হচ্ছে, এটাই আসলে জীবন, সবকিছু একসঙ্গে পাওয়া।’





