
৭ আগস্টের পর কোনও বাঙালি হরিয়ানার ধানকোটে থাকতে পারবে না! অঘোষিত এই নির্দেশের পর তড়িঘড়ি হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জ পৌঁছল ১০৩ জন বাংলাভাষী শ্রমিক। খরচ হল আড়াই লক্ষ টাকা!
সূত্রের খবর, বিগত কিছুদিন ধরে বাংলাভাষী শ্রমিকদের বাংলায় কথা বলার জন্য তুলে নিয়ে যাওয়া হয়। তারপর চলে বেধড়ক মারধর। এমনকি মুক্তিপণ চাওয়া হয় বলেও খবর। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন বাংলাভাষী শ্রমিকরা। এই পরিস্থিতিতে সেখানে মুখে মুখে ছড়িয়ে পড়ে ৭ আগস্টের পর কোনও বাঙালিকে থাকতে দেওয়া হবে না। তাই একটি বাসে প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে ভাড়া করে রাজ্যে ফেরেন মোট ১০৩ জন শ্রমিক।
তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়াল এলাকার বাসিন্দা মফিজুল হক বলেন, প্রায় ছয় বছর আগে হরিয়ানার সেক্টর ১০২-এ কাজে গিয়েছিলেন তিনি । সেখানে আত্মীয়-স্বজন মিলে প্রায় সাতজন ছিলেন। ছেলেরা দিনমজুরি বা গাড়ি ধোয়ার কাজ করত। মহিলারা বিভিন্ন বাড়িতে গৃহ-সহায়িকার কাজ করে রোজগার করতেন। কিন্তু বর্তমানে এত খারাপ অবস্থা যে তাঁরা ভয়ে কাজ ছেরে ফিরে আসতে বাধ্য হন।
অপরদিকে , মহম্মদ সুমন শেখ নামে হরিয়ানা থেকে বাসে ফিরে আসা এক বাংলাভাষী শ্রমিক বলেন, ‘‘কোনওমতে আমরা টিনের চালা করে হরিয়ানার গ্রামটিতে বসবাস করছিলাম। এখানে আমাদের কৃষিজমি নেই। অন্য রোজগারও তেমন কিছু ছিল না। সেই কারণেই কিছুটা ভালো রোজগারের আশায় যাওয়া। কিন্তু হরিয়ানার বিজেপি সরকার যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে ফিরে না এলে আমাদের মার খেয়ে হাসপাতালে পড়ে থাকতে হত।’’





