১৫ দিনের বিশ্রাম শেষ,আজই ভোরে নয়া সাজে দেখা দিলেন প্রভু জগন্নাথ

স্নানযাত্রার পর ১৫ দিন ‘অনসরে’ ছিলেন প্রভু জগন্নাথ। সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ ছিল জগন্নাথ দেবের মন্দির। এই কয়েকদিন তিনি দেখা দেননি কাউকেই। সেই ‘অনসর পর্ব’ কাটিয়ে আজ, বৃহস্পতিবার থেকেই আবার জগন্নাথকে দেখতে পেয়েছেন ভক্তরা। এদিন নয়া সাজে দেখা দেন প্রভু জগন্নাথ। দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, আজ, সকাল ৮টার সময়ে খুলে দেওয়া হয়েছে । জগন্নাথদেব দর্শনের জন্যে ভোর ৫টা থেকে মন্দিরের মূল দরজায় ভিড় জমান পুণ্যার্থীরা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মন্দিরের মূল গেট বা ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। জগন্নাথ দর্শন করার পরে তাঁরা বাইরে আসবেন ৬ নম্বর গেট দিয়ে।

শুক্রবার রথযাত্রার সূচনা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। যার কারণে বুধবারই মুখ্যমন্ত্রী চলে এসেছেন দিঘায়। তবে, আজ, বেশ কয়েকটি উৎসব এবং নিয়ম-রীতি পালন করা হবে মন্দিরে। জানা গিয়েছে, এ দিন সকালে হবে নৃত্য উৎসব। বিকালে হবে রশি পুজো। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রথা অনুযায়ী, স্নানযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ। তাই তিনি চলে যান অনসরে। এ দিন আবার সুস্থ হয়ে উঠবেন তিনি। তাই সকাল থেকে প্রভু জগন্নাথের জন্য বিশেষ আয়োজন। তাঁকে নতুন সাজে সাজানো হবে। মন্দির কমিটি জানিয়েছে, এ দিন সকাল-সকাল প্রভুকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো হয়। নতুন পোষাক পরিয়ে, ফুলের মালায় সাজানো হয়। সকাল সাতটায় পূজার্চনার পর দেওয়া হয় প্রাতঃরাশ। তারপর চলছে পূজার্চনা। চলে নাম সংকীর্তনও।

দিঘা জগন্নাথ মন্দির পরিচালন কমিটির অন্যতন কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, ৫৬ ভোগ নিবেদনের সময় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। বিকালে, দিবানিদ্রার পরে হবে রথের রশি পুজা সহ রথের আচার অনুষ্ঠান পালন। এদিন প্রচুর ভক্ত হাজির থাকতে পারে এই অনুষ্ঠানে। তাই কোনও রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত নিরপত্তা ব্যবস্থা করা হয়েছে।





