২৪ঘন্টায় সর্বোচ্চ মৃ*ত্যু! দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কাঠগড়ায় কোমর্বিডিটি

গত মাস থেকে নতুন করে করোনাভাইরাস নিয়ে চিন্তা শুরু হয়েছে। রবিবার দেশজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত কেরলে। দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এই পরিসংখ্যানে স্পষ্ট, দেশের অন্য রাজ্যগুলির চেয়ে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। নতুন করে করোনাভাইরাসের ঢেউ আসার পর একদিনে সর্বাধিক মৃত্যুর কথা জানা গিয়েছে। রবিবার সারা দেশে করোনা আক্রান্ত হয়ে ১১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুতেও সারা দেশের মধ্যে এগিয়ে কেরল। এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এর আগেও যখন করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, তখন মৃত্যুর কারণ হিসেবে কোমর্বিডিটির কথা জানানো হয়েছিল। এবারও একই কারণ জানানো হয়েছে। করোনাভাইরাসের পাশাপাশি অন্য কোনও রোগ থাকলে মৃত্যুর আশঙ্কা বেশি।

তবে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে মোট কতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কতজন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কারও মৃত্যু হয়েছে কি না, এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। বাকি সব রাজ্য এ বিষয়ে তথ্য দিলেও, পশ্চিমবঙ্গ সরকার কোনও তথ্য দিচ্ছে না। এ বিষয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাস্থ্যমন্ত্রক রবিবার দেশ জুড়ে মোট ৬৮৯ জনকে করণামুক্ত ঘোষণা করেছে। ২০২৫ সালের জানুয়ারি এখনও পর্যন্ত মোট ১৩,৬০৪ জন করোনামুক্ত হয়েছেন। সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,২৬৪।





