সন্ত্রাসকে ‘পাগলা কুকুর’ আখ্যা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বজুড়ে বার্তা দিলেন অভিষেক।
জাপানের টোকিও শহরে পাকিস্তানের সন্ত্রাসবাদ লালনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বকে একজোট হয়ে এই লালনকারীকে প্রতিরোধ করতে হবে।”
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে কেন্দ্র ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে ৩৩টি দেশে। সেই দলের অংশ হিসেবে জাপানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেডিইউ নেতা সঞ্জয় ঝাঁর নেতৃত্বে ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে।

টোকিওতে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে অভিষেকরা ভারতের অবস্থান স্পষ্ট করেন। জাপানের নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে জাপান।
জাপানের পর প্রতিনিধি দল যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায়, যেখানে তারা পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে ভারতের অবস্থান তুলে ধরবেন।





