১০০০ ফুট উচ্চতা থেকে তিস্তায় পড়ল গাড়ি!

ষ্টির মধ্যে পাহাড়ে সফরই হল কাল। সিকিমে পর্যটকদের নিয়ে খাদে পড়ল গাড়ি। রাস্তা থেকে সোজা ১ হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার পর্যটক ছিল। এখনও নিখোঁজ ৯ পর্যটক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় । ভারী বৃষ্টির জেরে আচমকাই গাড়িটি রাস্তা থেকে ছিটকে ১০০০ ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায়। স্থানীয়দের থেকে খবর পাওয়া মাত্র উদ্ধারকাজে নামে পুলিশ প্রশাসন । উদ্ধারকাজে এগিয়ে আসেন ভারতীয় সেনা জওয়ান, ইন্দো-তিব্বত বর্ডার ফোর্সের জওয়ান, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল ৷ কিন্তু, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় । রাতভর চলে উদ্ধার কাজ ৷ খাদ থেকে এক পর্যটকের দেহ উদ্ধার করা হয়েছে । সেই সঙ্গে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও এক পর্যটককে ৷ যদিও, এখনও কোনও পর্যটকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি ।

বাকিদের খোঁজে শুক্রবার সকাল থেকে তিস্তা নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে মঙ্গনের পুলিশ সুপার সোনম ডেচু বলেন, “একজন মৃত ও একজন আহতকে উদ্ধার করা সম্ভব হয়েছে । রাত থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে । প্রায় এক হাজার ফুট গভীর খাদে গড়িয়ে গিয়ে গাড়িটি তিস্তা নদীতে পড়ে যায় । এখনও পর্যন্ত ৯ জনকে খুঁজে পাওয়া যায়নি । উদ্ধার কাজ চলছে ।”





