আগামী সপ্তাহে প্রস্তুতি বৈঠক ডাকল তৃণমূল

মাস পেরলেই তৃণমূলের শহিদ দিবস। ২১ জুলাই দিনটি প্রতি বছর কলকাতা ও জেলা স্তরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহিদ স্মরণ করে থাকে রাজ্যের শাসকদল। মূলত ছাত্র ও যুবদের উপর দায়িত্ব থাকে শহিদ দিবস পালনের। দলের বর্ষীয়ান নেতাদের পরামর্শক্রমে ছাত্র, যুব সংগঠনের সদস্যরা তার আয়োজন করে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বরং এবার একটু আগেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। ২১ জুলাইয়ের প্রস্তুতি কত দূর? সেই সম্পর্কেই খোঁজখবর নিতে এ বার বৈঠকে বসছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ওই বৈঠকে ডাকা হয়েছে তৃণমূলের জেলা সংগঠনের সকল সভাপতি এবং চেয়ারম্যানকে। ১৪ জুন হবে এই বৈঠক।

প্রতি বছর ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করে তৃণমূল। সেই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা যোগ দেন। তাঁদের সভাস্থলে আনার দায়িত্বে থাকেন জেলা নেতৃত্ব। শুধু তা-ই নয়, ২১ জুলাই নিয়ে জেলায় জেলায় আলাদা করে চলে প্রস্তুতি । প্রচার, সভা করেন জেলা নেতৃত্ব। ১৪ জুনের বৈঠকে সেই সব নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে সম্ভবত শেষ ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হতে চলেছে এ বার। দলের সকল স্তরের নেতা-কর্মীকে এক ছাতার তলায় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিধানসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ১৪ জুনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে তৃণমূল। ওই দিন দুপুরে ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের কার্যালয়ে বৈঠকটি হবে। ২১ জুলাই নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে ব্যস্ততা তুঙ্গে। ঘটনাচক্রে, ২১ জুলাই থেকেই সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে।





