শিক্ষামন্ত্রী ভর্তি প্রক্রিয়া নিয়ে কি জানালেন?

চলতি বছরে উচ্চমাধ্যমি পাশ করা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? গতকাল বিধানসভা অধিবেশনে এনিয়ে প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক তাঁকে এই প্রশ্ন করেন।ভর্তি প্রক্রিয়ার কাজ দেরি হচ্ছে, এই অভিযোগও করা হয়। জবাবে শিক্ষামন্ত্রী পালটা বলেন, “আমাদের মোটেই বিলম্ব হয়নি।“ গত বছর ১৯ জুন ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল। এবছর আজ ১০ তারিখ। ইউজিসির গাইডলাইন অনুসারে নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তির আবেদন চালু হবে। আশা করছি, ১৯ তারিখের মধ্যে অনলাইন পোর্টালে ভর্তির আবেদন চালু করা সম্ভব হবে।”

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ৭ মে। কেটে গিয়েছে দীর্ঘ একমাস। কিন্তু অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি। চলতি মাসের প্রথমদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই প্রসঙ্গটি উত্থাপিত হয়। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, গত বছর যে সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, এবছরও ইউজিসি-র নিয়ম মেনেই তা হবে। সূত্র মারফত জানা যাচ্ছে এবছরও ১৯ জুনের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাঁর এই বক্তব্যে ছাত্রছাত্রীদেরও চিন্তা খানিকটা ঘুচবে, তা বলাই বাহুল্য।





