বিমানে ছিলেন কারা? জানাল এয়ার ইন্ডিয়া

আহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই লোকালয়ের উপর বিমানটি ভেঙে পড়েছে। বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলে ছিলেন মোট ২৪২ জন। ১৬৯ জন ছিলেন ভারতীয়। ৫৩ জন ব্রিটিশ নাগরিক। ৭ জন পোর্তুগালের নাগরিক ও ১ জন কানাডার নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিমানে যাত্রীর সংখ্যা ২৩০। বাকি ১২ জন ছিলেন বিমানকর্মী। তাঁদের মধ্যে দু’জন পাইলট।

বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা ‘মে’ডে কল’ পাঠিয়েছিলেন পাইলট। পালটা এটিএস কোনও ব্যবস্থা নিয়েছিল কিনা, তা অবশ্য পর্যন্ত স্পষ্ট নয়। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে আহমেদাবাদ যেতে নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।





