উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা সীমান্তে কাঁটাতার বসানোর কাজ ঘিরে ফের উ*ত্তেজনা

উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা সীমান্তে কাঁটাতার বসানোর কাজ ঘিরে ফের উত্তেজনা। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে কাঁটাতার বসানোর উদ্যোগ নিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ঠিকাদার সংস্থাকে দিয়ে শুরু হয় মাটি ফেলার কাজ। আর তখনই বাধার মুখে পড়ে এই প্রকল্প।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর বিওপির কুলানন্দপুর এলাকায় মাটি ফেলা শুরু করতেই বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) ওপার থেকে কড়া আপত্তি জানায়। অভিযোগ, কপোতাক্ষ নদীর ওপার থেকে বিজিবির সদস্যরা ভারতীয় জমিতে চলা এই কাজে বাধা দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীদের দাবি, বিজিবির তরফে বন্দুক তাক করে কাজ বন্ধ করতে বলা হয় এবং এমনকি গুলি চালানোর হুমকিও দেয় তারা।
এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কাঁটাতার বসানোর কাজ আপাতত স্থগিত রেখেছে বিএসএফ। কিন্তু এই ঘটনার প্রতিবাদে সরব হয় এপার বাংলার স্থানীয় গ্রামবাসীরা। সীমান্তের ভারতীয় অংশ থেকে তারা বিজিবির আচরণের কড়া প্রতিবাদ জানায়। এমনকি স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রয়োজনে বিজিবিকে ‘রুখে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই

মাটি ফেলার কাজের জন্য বরাত পেয়েছিলেন স্থানীয় যুবক, যুবক বলেন ঘটনার দিন খবর পেয়ে আমি ওখানে যায়, আমাদের দেশের মানুষ বিজিবির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, শুনেছি ১৪ তারিখ ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি সমাধান করা হবে, সমস্যা না মিটলে আমরা বিএসএফকে সাথে নিয়ে এলাকার মানুষ ওখানে কাঁটাতার বসাবো।
ঘটনার পর বিজিবির এই ভূমিকার ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, স্পষ্টভাবে বিএসএফের কাজ আটকে দিচ্ছে বিজিবি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিএসএফের পক্ষ থেকে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দু’পক্ষের মধ্যে আলোচনার পরই কাঁটাতার বসানোর কাজ আবার শুরু হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ সাহা বলেন, প্রতিবেশী দেশের সাথে আগে আমাদের সুসম্পর্ক ছিল এখন নানা কারণে সেই সম্পর্ক অনেকটা নষ্ট হয়েছে, সরকারের সিদ্ধান্ত কাঁটাতার বিহীন কোন এলাকা থাকবে না।





