ইংল্যান্ডের দুর্দান্ত কামব্যাক, জমজমাট টেস্ট! হ্যারি ব্রুকের ৯৯, ৯৬ রানে এগিয়ে ভারত

টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত কামব্যাক ইংল্যান্ডের। এদিন মেঘলা আবহাওয়া থাকায় কিছুটা সুযোগ কাজে লাগান যশপ্রীত বুমরাহ,প্রসিদ্ধ কৃষ্ণারা। তবে অন্যদিকে ওলি পপ ১০৬ রানে আউট হলেও, একের পর এক ভালো পার্টনারশিপ গড়ে তোলেন ইংল্যান্ডের ব্যাটাররা। অনবদ্য ইনিংস হ্যারি ব্রুকের। আর তাকে যোগ্য সঙ্গ দিলেন জো রুট, বেন স্টোকস, জেমি স্মিথরা। ১ রানের জন্য সেঞ্চুরি মিস হ্যারি ব্রুকের। তবে চমৎকার ব্যাটিং উপহার দিয়ে ইংল্যান্ডকে ভারতের রানের কাছে পৌঁছে দিলেন তিনি। ১১২ বলে ৯৯ রানে আউট হয়ে ফিরে যান হ্যারি ব্রুক।

পাশাপাশি ইংল্যান্ডের ইনিংসের শেষের দিকে দলকে এগিয়ে নিয়ে গেলেন ক্রিস ওকস। তিনি ৫৫ বলে ৩৮ রান।লাস্ট উইকেট পর্যন্ত ইংল্যান্ড লড়াই চালিয়ে যায়। তবে এদিন খারাপ ফিল্ডিং ও ক্যাচ মিসের অনেকটাই মাশুল দিতে হল ভারতকে। যশপ্রীত বুমরাহ নিলেন ৫ উইকেট। ৪৬৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের থেকে ৬ রানে এগিয়ে ছিল ভারত।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ রানে ফিরে যান যশস্বী জয়সওয়াল।এরপর সাঁই সুদর্শনকে সঙ্গে নিয়ে দিনের শেষের দিকে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন কেএল রাহুল। তবে ৪৮ বলে ৩০ রান করে বেন স্টোকসের বলে আউট হয়ে ফিরে যান সাঁই সুদর্শন। আর দিনের শেষে ৪৭ রানে অপরাজিত কেএল রাহুল। ৬ রানে অপরাজিত শুভমান গিল। ভারতের স্কোর ৯০ রানে ২ উইকেট। ইংল্যান্ডের থেকে ৯৬ রানে এগিয়ে ভারত।





